ঢাকা: আগামীকাল সোমবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টা থেকে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
রোববার (৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ-১ এর পরিচালক মো. মনির হোসেন।
সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে। অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার অধিবেশন। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
জানা গেছে, সংসদ সচিবালয় এরই মধ্যে অধিবেশনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস এই অধিবেশন চলতে পারে।
আরো জানা গেছে, এই অধিবেশনে পাঁচ থেকে ছয়টা বিল আসতে পারে। এই বিলগুলোর ওপর আলোচনা হবে। আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এই অধিবেশন সংক্ষিপ্তও হতে পারে বলে জানা গেছে। এছাড়াও প্রশ্নোত্তর, জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং সাধারণ আলোচনার বিষয়গুলো অধিবেশনে থাকবে।
জানা গেছে, বহুল আলোচিত সংবিধান সংশোধনের প্রস্তাব এই চতুর্থ অধিবেশনে উপস্থাপন করা হচ্ছে না। বর্তমানে সংবিধান সংশোধন বিশেষ কমিটি প্রস্তাব তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। আগামী জানুয়ারি মাসে সংসদের পঞ্চম অধিবেশনে এটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, প্রতি বছরই জানুয়ারি মাসে বছরের প্রথম অধিবেশন বসে। সে অনুযায়ী, আগামী জানুয়ারি মাসের মাঝামাঝিতে সংসদের পরবর্তী অধিবেশন অর্থাৎ ২০২৭ সালের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। রীতি অনুযায়ী, অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাষণ দেবেন। এরপর তার ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়। ২৫ কার্যদিবস অধিবেশন চলার পর ৩০ এপ্রিল প্রথম অধিবেশন শেষ হয়। এ সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০৩১ সালের ১১ মার্চ।