ইরানের প্রভাবশালী ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’র সদস্যরা ইঙ্গিত দিয়েছেন, নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের বিষয়ে তারা একটি চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছেছেন।
রোববার (৮ মার্চ) বিপ্লবী গার্ডদের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ‘ফারস নিউজ’-এর বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ-মাহদি মিরবাঘেরি একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, নেতৃত্ব নির্ধারণে ব্যাপক প্রচেষ্টা চালানো হয়েছে। একই সঙ্গে একটি চূড়ান্ত ও সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে।
পরিষদের আরেক সদস্য হোজ্জাতুল ইসলাম জাফরি এক সাক্ষাৎকারে আশা প্রকাশ করে বলেন, ‘খুব দ্রুতই সব ইরানি নাগরিক এই সিদ্ধান্তে সন্তুষ্ট হবেন।’
তিনি আরও বলেন, ‘তৃতীয় সর্বোচ্চ নেতা নির্বাচনে এই বিলম্ব সবার জন্যই তিক্ত ও অনাকাঙ্ক্ষিত, তবে এই কঠিন সময়ে প্রতিনিধিদের ওপর আস্থা রাখা জরুরি।’
ইরানের সংবিধান অনুযায়ী, ৮৮ সদস্যের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ দেশের সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষমতা রাখে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন-ইসরায়েলি হামলায় দীর্ঘ ৩৭ বছর ইরান শাসন করা আলী খামেনি নিহত হন। তারপর থেকেই দেশটিতে নেতৃত্বের শূন্যতা পূরণে পর্দার আড়ালে তীব্র আলোচনা চলছিল।