Monday 23 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুমকি দিয়ে পিছু হটল যুক্তরাষ্ট্র
‘ফলপ্রসূ আলোচনার’ দাবি ট্রাম্পের, ‘তেলের দাম কমানোর কৌশল’ বলছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৬ ২০:০৭ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ ২০:১৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে “সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধান” বিষয়ে গত দুই দিনে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, আলোচনার সাফল্যের ভিত্তিতে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো সামরিক হামলা ৫ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেছেন, এই স্থগিতাদেশ চলমান বৈঠক ও আলোচনা সফল হলে কার্যকর হবে।

এদিকে ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সংলাপ চলছে না। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য মূলত সময়ক্ষেপণ এবং জ্বালানির দাম কমানোর কৌশল।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো সংলাপ হয়নি। ট্রাম্পের বক্তব্যের উদ্দেশ্য হলো সময় নেওয়া এবং তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি করা, পাশাপাশি জ্বালানির দাম কমানো। এতে আরও বলা হয়, আঞ্চলিক কয়েকটি দেশ উত্তেজনা কমাতে উদ্যোগ নিচ্ছে। তবে তাদের উদ্বেগের বিষয়গুলো ওয়াশিংটনের কাছেই উত্থাপন করা উচিত, কারণ “এই যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্রই।”

আরও পড়ুন: ইরানের বিদ্যুৎকেন্দ্রে ৫ দিনের জন্য হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের দাবি এবং ইরানের দাবি একেবারেই ভিন্ন হওয়ায় এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ফলপ্রসূ আলোচনার কথা বললেও, ইরান পুরোপুরি যোগাযোগের অস্বীকৃতি জানিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনো কমেনি, বরং দুই পক্ষের মধ্যে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা আরও বাড়িয়েছে।

এর আগে হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে গত শনিবার (২১ মার্চ) ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন ট্রাম্প। এই সময়ের মধ্যে প্রণালি খুলে না দিলে দেশটির সব বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন তিনি।এই সময়সীমা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় শেষ হতে চলছিল। তার মাত্র কয়েক ঘণ্টা আগে ইরানে হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প।

অন্যদিকে ইরান পালটা হুমকি দিয়ে বলেছিল, যুক্তরাষ্ট্র তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে তারা নৌপথটি পুরোপুরি বন্ধ করে দেবে। অবকাঠামোগুলো মেরামত না করা পর্যন্ত তা বন্ধই থাকবে। তা ছাড়া পুরো অঞ্চলের জ্বালানি ও পানি অবকাঠামোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। পাশাপাশি পারস্য উপসাগরে নৌ-মাইন মোতায়েনেরও হুমকি দিয়েছিল ইরান।

আরও পড়ুন: ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কমল ১৩%

বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে প্রণালিটি অনেকটা বন্ধ হয়ে গেছে। যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম কখনো কখনো ৫০ শতাংশের বেশি বেড়েছে। তবে, ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা পাঁচ দিন পিছিয়ে দেওয়ার ঘোষণার পর সোমবার (২৩ মার্চ) বিশ্ববাজারে তেলের দাম ১৩ শতাংশের বেশি কমে গেছে।

ট্রাম্পের সাময়িক স্থগিতাদেশের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমলেও ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়ে দ্বন্দ্ব এবং অনিশ্চয়তা এখনো বজায় আছে, যা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর