ঢাকা: অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দেওয়া ‘মাইগ্রান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২.০’ (পিআরএম ২.০)-এর মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে মালয়েশিয়ার সরকার।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ২০২৬ শেষ হওয়ার কথা থাকলেও মালয়েশিয়ার সরকার ১ মে ২০২৬ থেকে ৩১ মে ২০২৭ পর্যন্ত বলবৎ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
দেশটির সংবাদ পোর্টাল কসমো এবং ইমিগ্রেশনের ফেসবুক থেকে প্রাপ্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিভাগটি আরও জানিয়েছে, এ কর্মসূচির কার্যকারিতা মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ মে ২০২৫ থেকে ২৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত পিআরএম ২.০-এর আওতায় ১১২টি দেশের মোট ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী নিবন্ধন করেছেন এবং মোট ১২৭ মিলিয়ন রিঙ্গিত কম্পাউন্ড আদায় হয়েছে। এই কর্মসূচির আওতায় অবৈধভাবে প্রবেশ বা মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থানকারীদের জন্য ৫০০ রিঙ্গিত এবং ভিসার শর্ত লঙ্ঘনকারীদের জন্য ৩০০ রিঙ্গিত কম্পাউন্ড নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া দেশে ফেরার অস্থায়ী দলিল হিসেবে বিশেষ পাসের জন্য প্রতিটি ইস্যুতে ২০ রিঙ্গিত ফি ধার্য্য করেছে।
একই সঙ্গে ইমিগ্রেশন বিভাগ সারা দেশে সমন্বিত অভিযান, অভিযানপূর্ব সমীক্ষা ও নজরদারির মাধ্যমে অভিবাসন আইন লঙ্ঘনকারীদের—এমনকি তাদের নিয়োগকর্তা বা আশ্রয়দাতাদেরও— শনাক্ত, গ্রেফতার, অভিযোগ দায়ের ও প্রত্যাবাসনের লক্ষ্যে আইন প্রয়োগ কার্যক্রম আরও জোরদার করবে বলে জনিয়েছে।
বিজ্ঞপ্তিতে সমস্ত অবৈধ অভিবাসীদের আইনানুগ পথে নিজেদের অবস্থান নিষ্পত্তি করতে অনুরোধ জানানো হয়েছে, যাতে আইন প্রয়োগের আগেই তারা বৈধ প্রক্রিয়ায় নিজেদের পরিস্থিতি সমাধান করতে পারেন।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া বিন শাবান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা ও আইনের শাসনের সাথে সামঞ্জস্য রেখে দেশের অভিবাসন ব্যবস্থাপনা কঠোর, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালনায় বিভাগটি প্রতিশ্রুতিবদ্ধ।