Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের, তেহরানের কড়া হুঁশিয়ারি

আর্ন্তজাতিক ডেস্ক
১ মে ২০২৬ ১১:২৬

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। তিনি আরও বলেন, ‘এ সংক্রান্ত আলোচনার বিষয়ে আমি এবং হাতেগোনা কয়েকজন ছাড়া আর কেউ কিছু জানেন না।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধে জড়াবে কি না, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন।

ট্রাম্প আরও বলেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে যুদ্ধ শেষ পর্যন্ত কবে থামবে, তা নিশ্চিত না করলেও তিনি দাবি করেন, এ সংকটের সমাধান হলেই বিশ্ববাজারে তেলের দাম কমে আসবে।

বিজ্ঞাপন

আল জাজিরার আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে,ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদসহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে মার্কিন সামরিক বাহিনী।

মধ্যপ্রাচ্যে দায়িত্বরত মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টকমের শেয়ার করা কিছু ছবিতে দেখা যায়, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক’-এ বিপুল পরিমাণ রসদ তোলা হচ্ছে।

এ রণতরি বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা দিচ্ছে।

এ থেকে বোঝা যাচ্ছে যুদ্ধ শিগগিরই বন্ধ হওয়ার সম্ভাবনা কম।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘দীর্ঘ ও বেদনাদায়ক’ পালটা আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে তারা হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে।

রয়টার্সে প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস জানিয়েছে, ইরানকে আলোচনায় বাধ্য করতে পুনরায় সামরিক অভিযানের একটি পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার ব্রিফিং করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

এদিকে বৃহস্পতিবার রাতে তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ শোনা গেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর জানিয়েছে, ড্রোন ও নজরদারি বিমান ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বার্তায় স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর