Monday 27 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ইরানসহ ওই অঞ্চলের দেশগুলোর স্বার্থে রাশিয়া সবকিছু করবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬ ০০:০২

সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি হাত মেলান। ছবি: এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানসহ ওই অঞ্চলের অন্যান্য দেশগুলোর স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ইরানের জনগণ বর্তমানের এই ‘কঠিন সময়’ কাটিয়ে উঠবে এবং সেখানে শান্তি ফিরে আসবে।

সোমবার (২৭ এপ্রিল) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। দেশটির স্থানীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে।

রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আরাগচিকে পুতিন বলেছেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা এমন সবকিছুই করব; যাতে আপনাদের এবং এই অঞ্চলের সকল মানুষের স্বার্থ রক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে শান্তি নিশ্চিত করা যায়।

বিজ্ঞাপন

পুতিন বলেন, গত সপ্তাহে আমি ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে একটি বার্তা পেয়েছি। আমি আপনাকে অনুরোধ করব তার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ পৌঁছে দেবেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের মতো রাশিয়াও তেহরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখতে চায়।

গত বছর রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদী একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করে ইরান। এছাড়া ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহরে দুটি নতুন ইউনিট তৈরি করছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করেছে ইরান।

ক্রেমলিন জানিয়েছে, তারা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে এই সংঘাত নিরসনে এবং সমাধানের পথ খুঁজতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

যুদ্ধ শুরুর পর রাশিয়া ইরানে অস্ত্র সরবরাহের দাবি প্রত্যাখ্যান করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি ভিন্ন। তাদের মতে, রাশিয়া ইরানকে ড্রোন সরবরাহে রাজি হয়েছে। এমনকি মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলার লক্ষ্যবস্তু সংক্রান্ত তথ্য আদান-প্রদান নিয়েও দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএর প্রতিবেদনের বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিনকে আরাগচি বলেছেন, রাশিয়া ও ইরানের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করতে হবে। পাশাপাশি তেহরানের প্রতি মস্কোর সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানান তিনি।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর