ঢাকা: পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে ওমরাহ পালনের শেষ সময়সীমা নির্ধারণ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, সৌদি আরবে অবস্থানরত নাগরিক ও প্রবাসীরা আগামী ১৫ জিলকদ (৩ মে) পর্যন্ত ওমরাহ পালনের সুযোগ পাবেন।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্দিষ্ট সময় পর্যন্ত মক্কায় প্রবেশের জন্য আলাদা কোনো হজ পারমিট বা বিশেষ অনুমতির প্রয়োজন হবে না। তবে ৩ মে’র পর হজের মূল কার্যক্রম শুরু হয়ে যাবে। তখন হজ পারমিট ছাড়া মক্কায় অবস্থান করা বা প্রবেশ করা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
এর আগে, বিদেশ থেকে আগত ওমরা যাত্রীদের সৌদি আরব ত্যাগের সময়সীমা গত ১ জিলকদ (১৯ এপ্রিল) নির্ধারণ করে দিয়েছিল দেশটির সরকার। মূলত বিদেশ থেকে হজে আসা ব্যক্তিদের ভিড় সামাল দিতে এবং হজের সুষ্ঠু প্রস্তুতি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে ওমরা সম্পন্ন করে মক্কা ত্যাগের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।