ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক উত্তপ্ত টেলিফোন আলাপে তাকে ‘উন্মাদ’ ও ‘অকৃতজ্ঞ’ বলে অভিহিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ‘বর্তমানে অনেক মানুষ আপনাকে অপছন্দ করে এবং এর প্রভাব ইসরায়েলের ওপরও পড়ছে।’
মঙ্গলবার (২ জুন) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার (১ জুন) এ দুই নেতার মধ্যে হওয়া ফোনালাপটি ছিল অত্যন্ত তিক্ত ও উত্তেজনাপূর্ণ।
সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তা ও সূত্রগুলোর বরাতে অ্যাক্সিওস জানায়, লেবাননে সম্ভাব্য নতুন হামলা নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর ওপর ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলার পরিকল্পনার খবর পাওয়ার পর তিনি সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ফোন করেন।
প্রতিবেদন অনুযায়ী, আলাপের সময় ট্রাম্প নেতানিয়াহুকে ‘উন্মাদ’ ও ‘অকৃতজ্ঞ’ বলার পাশাপাশি আরও কিছু কড়া কথা শুনিয়েছেন।
এক মার্কিন কর্মকর্তা জানান, কথোপকথনের এক পর্যায়ে ট্রাম্প এতটাই ক্ষুব্ধ হয়ে ওঠেন যে তিনি নেতানিয়াহুর সঙ্গে চিৎকার করে কথা বলেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর দুই নেতার মধ্যে একাধিকবার ফোনালাপ হলেও এটিকে ‘সবচেয়ে উত্তপ্ত আলোচনাগুলোর একটি’ বলে বর্ণনা করেছেন ওই কর্মকর্তা।
এ সময় ট্রাম্প নেতানিয়াহুকে অতীতে দেওয়া নিজের রাজনৈতিক সমর্থনের কথাও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘আমার কারণে আপনি জেলে যাওয়া থেকে বেঁচে গেছেন।’
প্রসঙ্গত, বর্তমানে দুর্নীতির মামলায় বিচার প্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন নেতানিয়াহু। এর আগে, ট্রাম্প এ বিষয়ে প্রকাশ্যে একাধিকবার তার প্রতি সমর্থন জানিয়েছেন এবং মামলাটি নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ ছাড়া ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে লেবাননে বড় ধরনের হামলা চালানো হলে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে আরও একঘরে হয়ে পড়তে পারে।’
ফোনালাপের পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, তার আলোচনার ফলে হিজবুল্লাহ নতুন হামলা থেকে বিরত থাকবে এবং ইসরায়েলও বৈরুতের দিকে সামরিক অভিযান সম্প্রসারণ করবে না।
তবে পরে নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে ইসরায়েলও পাল্টা সামরিক অভিযান চালাবে। একইসঙ্গে দক্ষিণ লেবাননে চলমান অভিযান পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।