Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর ২০২৬ ০৯:০৩ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬ ১২:১২

দুর্ঘটনায় উলটে যাওয়া ট্রেন। ছবি: গেটি ইমেজেস।

মিশরের গিজা শহরের কাছে একটি ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ।

বিবিসির খবরে বলা হয়েছে, রোববার (৮ নভেম্বর) দেশটির রেল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

রেল কর্তৃপক্ষ জানায়, গিজা ও কায়রো থেকে দক্ষিণ দিকে যাওয়ার পথে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে বাঁধের নিচে পড়ে যায়।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, মানুষ উলটে যাওয়া বগিগুলোর ভেতরে আহত যাত্রীদের খুঁজছেন। সেখানে বড় আকারের জরুরি উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জানিয়েছেন, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হয় এবং দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হয়।

বিজ্ঞাপন

পাবলিক প্রসিকিউটরের কার্যালয় সতর্ক করে বলেছে যে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সরকার জানিয়েছে, ওই এলাকার হাসপাতালগুলোকে ‘উচ্চ সতর্কাবস্থায়’ রাখা হয়েছে, কারণ সেখানে বিপুল সংখ্যক রোগী আসছেন।

মিশরের স্বাস্থ্যমন্ত্রী ড. খালেদ আবদেল গাফফার জানিয়েছেন, রোগীদের হাড় ভাঙা এবং মাথায় আঘাতের মতো সমস্যার চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিশরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, তারা দুর্ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ত্রাণ এবং মনস্তাত্ত্বিক সহায়তা দিয়েছে।

মন্ত্রণালয় নিশ্চিত করেছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন।

দুর্ঘটনার শিকার প্রথম ট্রেনটি গিজা থেকে কায়রোর দক্ষিণে অবস্থিত ফাইয়ুমের দিকে যাচ্ছিল। পথে সেটি কায়রো থেকে আসওয়ানের দিকে গমনকারী অন্য একটি ট্রেনের পেছনের অংশে ধাক্কা দেয়, ওই ট্রেনটি তখন রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিল।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, ট্রেনের কয়েকটি বগি উলটে গেছে এবং অন্তত একটি বগির কাঠামো দুই টুকরো হয়ে গেছে বলে মনে হচ্ছে।

গিজা ও আপার ইজিপ্ট অঞ্চলের মধ্যে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে এবং বিধ্বস্ত ট্রেনগুলো সরিয়ে নেওয়ার জন্য ক্রেন পাঠানো হয়েছে। রেল কর্তৃপক্ষ জানায়নি যে এই কাজ শেষ হতে কত সময় লাগতে পারে।

দুর্ঘটনাটি ঘটেছে আল-আইয়াতের কাফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী এলাকায়। ২০০২ সালের ফেব্রুয়ারিতে মিশরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটিও ঘটেছিল এই স্থানের কাছাকাছি এলাকায়। সেবার কায়রো থেকে লুক্সরের পথে থাকা একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে গিয়েছিল।

ওই ঘটনায় সরকারি হিসাব অনুযায়ী ৩৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন, যদিও কিছু তথ্যানুযায়ী নিহতের সংখ্যা ছিল আরও অনেক বেশি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর