Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বহিষ্কৃত এমপি নজরুলের কারাবাসের বিষয়ে সংসদকে জানালেন স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ২১:১৯

ঢাকা: জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত ও কারাবন্দি সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের গ্রেফতার এবং কারাবাসের বিষয়ে জাতীয় সংসদকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী সংসদ সদস্যদের এ বিষয়ে বিস্তারিত জানান তিনি।

স্পিকার জানান, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামকে গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে ন্যাম ভবনের বাসা থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরবর্তীতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনা মামলার এজাহার ও জিআর মামলার পরিপ্রেক্ষিতে শেরেবাংলা নগর থানা পুলিশ তাকে গত ২১ সেপ্টেম্বর গ্রেফতার করে। এরপর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনায় আসেন সাতক্ষীরা-৪ আসনের এই সংসদ সদস্য। নৈতিক স্খলনের সুনির্দিষ্ট অভিযোগে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিষয়টি সংসদ ও নির্বাচন কমিশনকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এরই ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীত পাশে অবস্থিত ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরদিন আদালত গাজী নজরুলের চার দিন এবং তার প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর