Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঘরে ঢুকে ধর্ষণ: কুমিল্লার এসপিকে ১২ আগস্ট হাইকোর্টে তলব

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৪:২৫

ঢাকা: কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে ধর্ষণের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় ব্যাখ্যা চেয়ে আগামী ১২ আগস্ট কুমিল্লার এসপি নাজির আহমেদকে ডেকেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন এ বিষয়ে রিটকারী মীর একেএম নুরুন্নবী।

সাংবাদিকদের আইনজীবী নুরুন্নবী বলেন, এ মামলার তদন্ত প্রতিবেদনের অগ্রগতি নিয়ে গত ১৪ জুলাই হাইকোর্টকে লিখিতভাবে জানানোর কথা ছিল কুমিল্লার এসপিসহ অন্যান্যদের। কিন্তু তারা কেউ হাজির হননি। এরপর রাষ্ট্রপক্ষ থেকে এক সপ্তাহ সময় চাওয়া হয়। পরবর্তীতে রোববার তারিখ থাকলেও কেউ আসেননি। এরপর আজকের দিন ধার্য করা হয়। এর পরিপ্রেক্ষিতে কুমিল্লার এসপিকে আগামী ১২ আগস্ট সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

এর আগে, ২৯ জুন ধর্ষণের শিকার নারীর নির্যাতনের ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় চিকিৎসা দিতে নির্দেশ দেওয়া হয়।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন মীর একেএম নুরুন্নবী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

নুরুন্নবী বলেন, ‘কুমিল্লার আলোচিত এ ঘটনা নিয়ে আমি হাইকোর্টে রিট করি। আদালত আগামী ১৫ দিনের মধ্যে এ মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন। অর্থাৎ ১৪ জুলাই মামলাটির অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কিন্তু তদন্ত প্রতিবেদন হাতে না পাওয়ায় জমা দিতে পারেনি রাষ্ট্রপক্ষ। তারা এক সপ্তাহের মধ্যে জমা দেবে বলে জানিয়েছেন।’

সারাবাংলা/আরএম/এমপি