গাইবান্ধা: অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় গাইবান্ধায় অভিযান চালিয়ে বেসরকারি উন্নয়ন সংগঠন গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে) পরিচালিত সুপার টেস্টি বেকারিসহ দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ধানঘড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরীতে এই অভিযান চালানো হয়। নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
তিনি মুঠোফোনে জানান, অননুমোদিত রঙ ও ফ্লেভার ব্যবহার করার কারণে সুপার টেস্টি বেকারির মালিককে ১০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি ও প্যাকেটজাত করার কারণে আকি মুড়ি ফ্যাক্টরির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বিসিক শিল্পনগরীতে অবস্থিত বেসরকারি উন্নয়ন সংগঠন গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে) পরিচালিত সুপার টেস্টি বেকারিতে দীর্ঘদিন থেকে কেক, হরেক রকমের বিস্কুট, চানাচুর, পাউরুটি, বাটারবান, মিষ্টি, সন্দেশসহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন করা হয়ে আসছে। এসব খাদ্যপণ্যে নিম্নমানের উপকরণ ব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার আসিফ মিয়া জানান, অননুমোদিত রঙ ও কৃত্রিম ফ্লেভারযুক্ত খাবার খেলে অনেক সময় বমি, পেটব্যথা, ডায়রিয়া বা বদহজম হতে পারে। এ ছাড়া শরীরে অ্যালার্জি, ক্যানসার, লিভার ও কিডনিতে জটিলতাসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি রয়েছে।