লালমনিরহাট: কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ১৪ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের ভারতীয় কাপড় ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় চোরাচালানকারীরা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
শনিবার (৭ মার্চ) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৬ মার্চ) দুপুরে দুইটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ভুরুঙ্গামারী উপজেলার পশ্চিম শিংঝাড় এলাকায় শিংঝাড় বিওপির টহলদল এবং নাগেশ্বরী উপজেলার খড়েরমাঠ এলাকায় রামখানা বিওপির টহলদল অভিযান চালায়।
বিজিবি জানায়, টহলদল সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে ধাওয়া করলে তারা বহন করা মালামাল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৮০ কেজি ভারতীয় জিরা, ৮০টি স্বর্ণকাতান শাড়ি ও ৪৮টি প্যান্ট জব্দ করা হয়।
১৫ বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা জিরার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা, স্বর্ণকাতান শাড়ির মূল্য প্রায় ৮ লাখ টাকা এবং প্যান্টগুলোর মূল্য প্রায় ৫ লাখ ৭৬ হাজার টাকা। সবমিলিয়ে জব্দ করা পণ্যের মোট মূল্য প্রায় ১৪ লাখ ৫৬ হাজার টাকা।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সজাগ রয়েছে। সীমান্তের সংবেদনশীল এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।’
তিনি আরও জানান, চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।