ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরের লিচুবাগান এলাকায় ২০টি কুকুর হত্যার ঘটনায় তিনজনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিতরা হলেন মো. আবুল খায়ের, মো. অপু ও মো. মানিক।
রোববার (৮ মার্চ) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত জানান, প্রাণী কল্যাণ আইন, ২০১৯-এর ১৬(ক) ধারায় আসামিদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিন কারাদণ্ড ভোগ করতে হবে। একই আইনের ১৬(খ) ধারায় প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে, অনাদায়ে আরও ১৫ দিন কারাদণ্ডের নির্দেশ রয়েছে। দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় প্রত্যেক আসামিকে দুই বছর কারাভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় আসামি মো. মানিক আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়। অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানার ধলপুরের লিচুবাগান এলাকায় লোহার রড, সাঁড়াশি ও প্রাণঘাতী ইনজেকশন ব্যবহার করে ২০টি কুকুর হত্যা করা হয়। পরে সেগুলো বস্তায় ভরে নিয়ে যান আসামিরা। ঘটনার ভিডিও ফুটেজের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়।
এ ঘটনায় দুইদিন পর অ্যানিমেল লাভারস অব বাংলাদেশের পক্ষে মো. মারুফুল হক আদালতে মামলা করেন। তদন্ত শেষে আবুল খায়ের, অপু ও মানিকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
পরে ২০২৪ সালের ২১ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচারকালে তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।