যশোর: যশোরের চৌগাছা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে গুদামজাত করে রাখা ৫ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এই অপরাধে মোট লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসান এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে উপজেলার ১ নম্বর ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিনের কাছ থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। একই বাজারের রুহুল আমিন নামের আরেক ব্যবসায়ীকে ওজন ও পরিমাণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ওসি রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশ অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ তেল আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। পরে ২৮ ব্যারেল (প্রতি ব্যারেল ২০০ লিটার) ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করা হয়।
এদিন বিকেলে চৌগাছা শহরের চৌগাছা ফিলিং স্টেশনে সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের নেতৃত্বে আরও একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং ওজন ও পরিমাণ আইনে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ জানান, জব্দকৃত তেল মিনা ফিলিং স্টেশন ও আর এস ফিলিং স্টেশনে বিক্রির জন্য রাখা হয়েছে। ন্যায্যমূল্যে বিক্রয় করে সরকারের কোষাগারে অর্থ জমা করা হবে।