Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে আসামি গ্রেফতারের সময় র‌্যাবের ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৬:২৪ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৬:২৮

পুড়িয়ে দেওয়া র‌্যাবের মোটরসাইকেল।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে হত্যা, অস্ত্র, মাদক ও মানি লন্ডারিংসহ ১৭ মামলার পলাতক আসামি মো. ফরিদুল আলম ওরফে মেহেদী হাসানকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় র‌্যাবের ওপর তার অনুসারীদের হামলায় অন্তত ৮ সদস্য আহত হন এবং র‌্যাবের দু’টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

র‍্যাব-১৫ সূত্রে জানা গেছে, বুধবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া গ্রামের একটি খেলার মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফরিদুল আলম টেকনাফ উপজেলার নাজিরপাড়া গ্রামের সিদ্দিক আহমদের ছেলে।

র‍্যাব জানায়, ওয়ারেন্টভুক্ত ও একাধিক মামলার আসামি ফরিদুল আলম নাজিরপাড়া এলাকায় অবস্থান করছেন বলে গোপন সূত্রে খবর পাওয়ার পর র‍্যাব-১৫’র টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, মানি লন্ডারিং, সরকারি কাজে বাধা ও মারামারিসহ মোট ১৭টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।

বিজ্ঞাপন

র‌্যাব আরও জানায়, অভিযান চলাকালে গ্রেফতার হওয়া ফরিদুল আলমের নির্দেশে তার অনুসারীরা (আনুমানিক ১০০-১৫০ জন) দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে র‍্যাবের ৮ জন সদস্য আহত হন। এ সময় হামলাকারীরা অভিযানে ব্যবহৃত র‍্যাবের দু’টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়।

র‍্যাবের দাবি, গ্রেফতার হওয়া ফরিদুল আলম টেকনাফের নাজিরপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং স্থানীয় অপরাধজগতের একটি প্রভাবশালী চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

গ্রেফতারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর