কুষ্টিয়া: কুষ্টিয়ায় মাদক ও চোরাচালানবিরোধী ধারাবাহিক অভিযানে প্রায় ২৯ লাখ টাকার চোরাচালানি পণ্য উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
সোমবার (১৬ মার্চ) ও মঙ্গলবার (১৭ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির টহলদল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালিকবিহীন ভারতীয় পণ্য জব্দ করে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি বিজ্ঞপ্তিতে জানায়, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার কাথুলী, শুভরাজপুর, চিলমারী, রংমহল, রামকৃষ্ণপুর, আশ্রায়ন ও মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫ হাজার ২২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪ হাজার ২৫০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৩ বোতল মদ এবং ২১৪ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২৮ লাখ ৮৭ হাজার ২৭০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তারা সবসময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।