ঢাকা: দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কিছু আইন কর্মকর্তা নোট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। এসব অভিযোগ তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৯ মার্চ) নিজের প্রথম কর্মদিবসে কার্যালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে সকাল ১১টার দিকে সিনিয়র আইনজীবীদের সঙ্গে নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তিনি তার কার্যক্রম শুরু করেন।
এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, ব্যক্তিগতভাবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে দলীয় বিষয়কে প্রাধান্য দেবেন না। রাষ্ট্র ও জনগণের স্বার্থই তার কাছে সর্বাগ্রে গুরুত্ব পাবে এবং নিরপেক্ষতা বজায় রেখেই দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, অবাধ তথ্য প্রবাহে তিনি বিশ্বাসী। তবে অপতথ্য কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো রোধে সবাইকে সতর্ক থাকতে হবে।
সাংবাদিকদের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে অ্যাটর্নি জেনারেল জানান, কোনো নাগরিকের বিচার যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে তিনি সচেষ্ট থাকবেন। পাশাপাশি তরুণ আইনজীবীদের দ্রুত বার কাউন্সিল পরীক্ষা সম্পন্ন করে পেশায় প্রবেশের সুযোগ সহজ করতেও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।