Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের মামলায় জিয়াউল আহসানের জামিন নাকচ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৪:১৬ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৫:৪০

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। ছবি: সংগৃহীত

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের জামিন আবেদন খারিজ করেছেন আদালত। একই সঙ্গে তার জব্দ করা ব্যাংক হিসাব ও ক্রোক করা সম্পত্তি মুক্ত করার আবেদনও নামঞ্জুর করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী জামিনের পাশাপাশি স্থগিত থাকা ব্যাংক হিসাব এবং জব্দ সম্পত্তি অবমুক্ত করার আবেদন জানান। তবে শুনানি শেষে বিচারক এসব আবেদন প্রত্যাখ্যান করেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ৭ জানুয়ারি একই আদালত দুদকের আবেদনের ভিত্তিতে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে গত বছরের ২৩ জানুয়ারি দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, জিয়াউল আহসান তার বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ প্রায় ২২ কোটি ২৭ লাখ টাকার সম্পদ অর্জন করেন। এ ছাড়া বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করে নিজের ব্যাংক হিসাবে ৫৫ হাজার মার্কিন ডলার জমা করেন।

আরও উল্লেখ করা হয়, তিনি বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন এবং স্ত্রী নুসরাত জাহানের সহায়তায় এসব অর্থ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থানান্তর ও রূপান্তর করেছেন।

একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হিসেবে নিজের ক্ষমতার অপব্যবহার করে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, দণ্ডবিধি, মানি লন্ডারিং প্রতিরোধ আইনসহ সংশ্লিষ্ট আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর