Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কল্যাণপুরে ৯ তরুণ হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি আজ

স্টাফ করেসপন্ডেট
৬ এপ্রিল ২০২৬ ০৯:৪২ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ১৩:২১

ছবি: সারাবাংলা।

ঢাকা: রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ৮ মার্চ পলাতক ছয় আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগের আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এবং শুনানির জন্য সময় চান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আজকের এই শুনানির দিন নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে আছেন দুই আসামি সাবেক আইজিপি একেএম শহিদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

অন্যদিকে, পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, সাবেক সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, তৎকালীন যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায় এবং আব্দুল বাতেন। তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে গত ২২ ফেব্রুয়ারি দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে আদালত আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে কল্যাণপুরের জাহাজবাড়ি এলাকায় ‘অপারেশন স্ট্রম-২৬’ নামে পুলিশের একটি অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়, যা পরে ‘জঙ্গি আস্তানা অভিযান’ হিসেবে প্রচার করা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়।

সারাবাংলা/টিএম/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর