Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনটিআরসিএ’র প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৬:২৮

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে অনুষ্ঠিতব্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল।

আইনজীবী জানান, আগামী ১৮ এপ্রিল নির্ধারিত নিয়োগ পরীক্ষা দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। একইসঙ্গে গত ২৫ মার্চ জারি করা এনটিআরসিএর সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতাও একই সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া ওই বিজ্ঞপ্তিটি কেন অবৈধ ও আইনগত ক্ষমতার বাইরে ঘোষণা করা হবে না। এ মর্মে সরকার ও এনটিআরসিএকে চার সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দিয়ে রুল জারি করেছেন আদালত।

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১৪ জন আবেদনকারীর করা রিটের প্রেক্ষিতে এ আদেশ আসে।

এর আগে, ২৯ জানুয়ারি জারি করা বিজ্ঞপ্তিতে সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ১৩ হাজার ৫৫৯টি পদে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়। সেখানে প্রার্থীদের জন্য ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতার শর্ত ছিল।

তবে আবেদন প্রক্রিয়া শুরুর কিছুদিন পরই নীতিমালায় পরিবর্তন এনে অভিজ্ঞতার শর্ত বাড়িয়ে ১৮ বছর করা হয়, যা নিয়েই মূলত এই আইনি জটিলতার সৃষ্টি হয়েছে।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর