ঢাকা: তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকার্য পরিচালনার প্রথম দিনেই দেশের সর্বোচ্চ আদালতে উল্লেখযোগ্য সংখ্যক মামলার নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ মিলিয়ে মোট ৭০৭টি মামলার শুনানি অনুষ্ঠিত হয় যার মধ্যে ১৭৭টি মামলার নিষ্পত্তি করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলার শুনানি হয় এবং ২১টি মামলার নিষ্পত্তি দেওয়া হয়। অন্যদিকে হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলার শুনানি শেষে ১৫৬টি মামলার নিষ্পত্তি করা হয়।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদালতের উভয় বিভাগে ভার্চুয়াল শুনানিযোগ্য মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং সংশ্লিষ্ট মিটিং আইডি আদালতের ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।
উল্লেখ্য, আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং সুপ্রিম কোর্টের প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় এবং সরকারি ব্যয় কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।