ঢাকা: সপ্তাহে দুই দিন আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কার্যক্রম চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কালো পতাকা মিছিল নিয়ে আদালত চত্বর প্রদক্ষিণ করেন তারা। পরে অনুষ্ঠিত সমাবেশে আইনজীবী নেতারা ঘোষণা দেন, আগামী সোমবারের (২৭ এপ্রিল) মধ্যে এ সিদ্ধান্ত প্রত্যাহার না হলে মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে অবস্থান কর্মসূচি শুরু করা হবে।
সমাবেশে বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার মোকছেদুল ইসলাম, অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আনিসুর রহমান বিশ্বাস রায়হান, ব্যারিস্টার আশরাফুল ইসলামসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম পরিচালনা বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে এবং এটিকে ‘বিচারের নামে প্রহসন’ বলেও মন্তব্য করেন তারা। দ্রুত এই ব্যবস্থা বাতিলের দাবি জানান আইনজীবীরা।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করে প্রতি বুধবার ও বৃহস্পতিবার আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে বিচারকার্য পরিচালিত হবে।
তবে সপ্তাহের অন্যান্য কার্যদিবসে আগের মতো সশরীরে আদালতের কার্যক্রম চলবে।