ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও ৪ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি মিরপুর বিভাগের উপ-পরিদর্শক কফিল উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ৪ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড বাতিলের আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় চলমান আন্দোলনে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের ৫০০-৭০০ নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৫ সালের জুলাই মাসে মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
এর আগে, গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরদিন ২৪ মার্চ পল্টন মডেল থানার একটি মামলায় তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে একাধিকবার গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।