Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট পড়েছে ৩৪ শতাংশ

স্টাফ করেসপন্ডেট
৩০ এপ্রিল ২০২৬ ২২:১১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ২২:১২

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির দুই দিনব্যাপী নির্বাচন শেষ হয়েছে।

বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোট অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রথম দিনে ২ হাজার ৭৫৯ জন এবং দ্বিতীয় দিনে ৪ হাজার ৩১০ জন আইনজীবী ভোট দেন। সব মিলিয়ে দুই দিনে মোট ৭ হাজার ৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের প্রায় ৩৪ শতাংশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন জানান, প্রায় দুই বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হলো এবং আইনজীবীরা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মোট ২০ হাজার ৭৮৫ জন ভোটারের মধ্যে অংশগ্রহণ সন্তোষজনক এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অধিকাংশ প্রার্থীও ভোটগ্রহণ নিয়ে ইতিবাচক মত দিয়েছেন।’

তিনি আরও জানান, শুক্রবার জুমার নামাজের পর ভোট গণনা শুরু হবে। ব্যালট পেপারগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে গণনা করা হবে এবং ফলাফল শুক্রবার রাত বা শনিবার সকালে ঘোষণা করা হতে পারে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত আইনজীবীরা নীল প্যানেল এবং জামায়াত ও এনসিপি সমর্থিত আইনজীবীরা সবুজ প্যানেলের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই প্যানেলেই ২৩ জন করে মোট ৪৬ জন প্রার্থী রয়েছেন। এছাড়া স্বতন্ত্র হিসেবে আরও ৮ জন বিভিন্ন পদে লড়ছেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর এই প্রথম আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনে অংশ নেয়নি। তবে দলটির সমর্থক কিছু আইনজীবী স্বতন্ত্রভাবে প্রার্থী হতে চাইলেও অনুমতি না পাওয়ার অভিযোগ উঠেছে।

এদিকে নির্বাচন ঘিরে উভয় প্যানেলই সুষ্ঠু ভোটগ্রহণ ও কাঙ্ক্ষিত ফলাফলের আশাবাদ ব্যক্ত করেছে।

সারাবাংলা/টিএম/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর