Tuesday 12 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বরিশালে হাসপাতাল থেকে আটক ৮ ‘দালাল’-এর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১৮:৩০ | আপডেট: ১২ মে ২০২৬ ১৮:৩৩
আটক হওয়া ৮ জন।

বরিশাল: ‎বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান পরিচালনা করে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের মোট আটজন নারী ও পুরুষ ‘দালাল’-কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

‎মঙ্গলবার (১২ মে) বেলা সোয়া ১২টা থেকে বরিশাল জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজন রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

‎আটককৃতরা হলেন মো. রুমান, মো. রুবেল, সাবিনা আক্তার নাজমা, লাবণী খানম, সুমি বেগম, মীম আক্তার, আয়শা আক্তার ও হাফিজা বেগম।

বিজ্ঞাপন

‎এর আগে, সোমবার (১১ মে) হঠাৎ শেবাচিম হাসপাতাল ও জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি হাসপাতালে অব্যবস্থাপনার পাশাপাশি দালাল চক্রের উপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন। এর পরদিনই দালালদের বিরুদ্ধে অভিযান চালালো র‌্যাব।

‎অভিযানে নেতৃত্ব দেওয়া বরিশাল র‌্যাব-৮-এর উপঅধিনায়ক মেজর আশিক ইকরাম সৌরভ বলেন, ‘দীর্ঘদিন ধরে শেবাচিম হাসপাতালে দালাল চক্রের কারণে রোগী ও তাদের স্বজনরা প্রতারিত হয়ে আসছিল। দালাল চক্রকে ধরতে র‌্যাব-৮ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালে সাদা পোশাকে র‌্যাব সদস্যরা গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে দালাল চক্রকে চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালিত হয়। হাসপাতাল থেকে ছয়জন নারী ও দু’জন পুরুষ দালালকে আটক করা হয়েছে। পরে তাদের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতদিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।’

‎তিনি আরও বলেন, ‘দালাল চক্রের সদস্যরা হাসপাতাল এলাকার বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের হয়ে কাজ করে। তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ফাঁদে ফেলে নিজস্ব ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার নামে অর্থ হাতিয়ে নেয়।’

এ ছাড়া, র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর