ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজয় ৭১ ভবনের বাথরুম থেকে কামাল উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জমাদার হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে বিজয় ৭১ ভবনের ৮ তলার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল আলম বলেন, ‘দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এর পর বিজয় ’৭১ ভবনের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি জানালার গ্রিলে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন।’
তিনি আরও অনেক বলেন, ‘কামাল উদ্দিনের আত্মীয়-স্বজন ও সহকর্মীদের কাছ থেকে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। এ কারণে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করতে পারে।’
ঢাকা মেডিকেল কলেজ মর্গে কামাল উদ্দিনের ভাতিজা রাকিবুল হাসান জানান, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার বড় কাটুরী গ্রামে। বাবার নাম মৃত কবির উদ্দিন। বর্তমানে আদাবর এক নম্বর রোডে স্ত্রী মোছা. মনি ও দুই মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।
তিনি আরও জানান, কামাল উদ্দি সুপ্রিম কোর্টে জমাদার হিসেবে চাকরি করতেন। তার মা তাজ্জতন্নেছা দীর্ঘদিন ধরে ক্যানসার আক্রান্ত। গ্রামে থেকে তার চিকিৎসা চলছে। এ জন্য তিনি হতাশাগ্রস্ত ছিলেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে জানা নেই।