ঢাকা: গাজীপুরের একটি মাদরাসার অধ্যক্ষ আবুল হোসেনকে গুমের অভিযোগে সাবেক কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান আসাদুজ্জামান, সাবেক এডিসি ইশতিয়াক আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ জানুয়ারি দেশের বিভিন্ন স্থান থেকে ছয়জনকে গ্রেফতার করে সিটিটিসি ইউনিট। তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তৎকালীন সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদের নেতৃত্বে একটি দল ৩০ জানুয়ারি গাজীপুরের ইবনে মাসউদ মাদরাসায় অভিযান চালায়।
সেখান থেকে আল আমিন নামে একজনকে আটক করে নিয়ে যাওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, আল আমিনকে পরে রাজধানীর মিন্টো রোডে সিটিটিসির কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে টানা ১৮ দিন শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, মৃত্যুর বিষয়টি গোপন করতে তার মরদেহ কেরানীগঞ্জের তুলসীখালী সেতু থেকে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়।
তদন্ত প্রতিবেদনে তৎকালীন সিটিটিসি প্রধান আসাদুজ্জামান, তৎকালীন এডিসি ইশতিয়াক আহমেদ, তৎকালীন পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান মিয়াসহ মোট পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে গুম, নির্যাতন ও মৃত্যুর ঘটনা আড়াল করার অভিযোগ আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।