Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৬

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

ঢাকা: যেকোনো পরিস্থিতিতে দেশের নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে ফৌজদারি বিচার ব্যবস্থার কার্যকারিতা জোরদার বিষয়ক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইন মন্ত্রণালয় ও জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) যৌথভাবে এ সভার আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, ‘মানবপাচার সবচেয়ে গুরুতর, অমানবিক ও নিষ্ঠুর অপরাধগুলোর একটি। এই অপরাধের মাধ্যমে প্রতারক, অপরাধী ও মাফিয়ারা অর্থ উপার্জন করে। মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলে তারা বিপুল অর্থ আয় করছে। সরকার এ পরিস্থিতির পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ।’

বিজ্ঞাপন

মানবপাচার প্রতিরোধে বেশ কিছু আইন সংশোধন করা হয়েছে জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, ‘মানবপাচারের সংজ্ঞাকে আরও বাস্তবসম্মত ও বিস্তৃত করা হয়েছে, যাতে এর বিভিন্ন ধরন আইনি কাঠামোর আওতায় আনা যায়।’

তিনি বলেন, ‘২০২৬ সালের মানবপাচার আইনে এ ধরনের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ১৮৮৭ সালের জুয়া আইন সংশোধন করে অনলাইন জুয়া, পাচারসহ বিভিন্ন অবৈধ কার্যক্রমকে আইনি কাঠামোর আওতায় আনা হয়েছে।’ মানবপাচারের বিভিন্ন দিক মোকাবিলায় আরও কিছু আইন প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ ২০১৯ সালের সেপ্টেম্বরে মানবপাচারবিষয়ক প্রোটোকল অনুসমর্থন করেছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘এরপর থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ কাজ করে যাচ্ছে।’

তবে এ ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবপাচার প্রতিরোধে সতর্ক রয়েছে। কিন্তু জনবলের সীমাবদ্ধতা, অভিযোগকারীদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়া এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হতে হয়।

দেশে মানবপাচার আগের তুলনায় কমেছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘মানবপাচার এখন আর আগের মতো ব্যাপক নয়। তবে বাংলাদেশে বেকারত্বের সংকট রয়েছে। জীবিকার সন্ধানে মানুষকে বিদেশে যাওয়া থেকে আটকানো সম্ভব নয়।’

তিনি বলেন, ‘অনেক মানুষ ট্যুরিস্ট ভিসায় বিদেশে গিয়ে পরে সেখানে অবৈধ অভিবাসীতে পরিণত হন। এ পরিস্থিতিতে বিদেশে যাওয়া বাংলাদেশি নাগরিকদের অধিকার কীভাবে নিশ্চিত করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।’

আইনমন্ত্রী বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের কিছু ঘাটতি থাকতে পারে। তবে এ বিষয়ে যেকোনো ভালো ও কার্যকর সুপারিশকে স্বাগত জানানো হবে।’

আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি ক্রিস্টিয়ান হোলগে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর