ঢাকা: হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
শপথ অনুষ্ঠানে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন দেবাশীষ রায় চৌধুরী। দুই বছর অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পর নির্ধারিত বয়সসীমা পূর্ণ না হওয়ায় এতদিন তাকে স্থায়ী করা হয়নি। এবার বয়সসীমা পূর্ণ হওয়ায় তাকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ব্রিটেন থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দেবাশীষ রায় চৌধুরী। পরে ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
দেবাশীষ রায় চৌধুরীর শপথের মধ্য দিয়ে হাইকোর্ট বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে।