Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক ডিএমপি কমিশনার ফারুকের সম্পত্তি ক্রোকের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৬ ১৮:১৩

সাবেক ডিএমপি কমিশনার ফারুক।

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন।

আদেশ অনুযায়ী, খন্দকার গোলাম ফারুকের ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোক এবং তার পাঁচটি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পত্তি ফ্রিজ করা হবে।

বিজ্ঞাপন

‎এ ছাড়া, খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের যৌথ নামে থাকা ১ কোটি ৫১ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোক এবং তাদের দু’টি ব্যাংক হিসাবে থাকা ১২ লাখ ২ হাজার ৫০০ টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনে বলা হয়, খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। অনুসন্ধানকালে সংগৃহীত রেকর্ডপত্র, সংশ্লিষ্ট বিভিন্ন দফতর থেকে পাওয়া তথ্যাদি এবং আয়কর নথি পর্যালোচনা করা হয়েছে।

‎আবেদনে আরও বলা হয়, খন্দকার গোলাম ফারুকের নামে দায়-দেনা বাদ দিয়ে নিট সম্পদের মূল্য ৩ কোটি ৭৬ লাখ ৪৩ হাজার টাকা। এর সঙ্গে ৩৬ লাখ ৭৯ হাজার টাকা পারিবারিক ব্যয় যোগ করলে তার অর্জিত মোট সম্পদের মূল্য দাঁড়ায় ৪ কোটি ১৩ লাখ ২৩ হাজার টাকা।

‎এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ২ কোটি ৮৫ লাখ ৪১ হাজার টাকা। ফলে তার গ্রহণযোগ্য আয়ের তুলনায় অর্জিত সম্পদের পরিমাণ ১ কোটি ২৭ লাখ ৮২ হাজার টাকা বেশি, যা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বলে প্রতীয়মান হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর