Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তাহসিফ হত্যা: গ্রেফতার সেই তরুণী ৪ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৬ ১৯:৫০

ছবি: সংগৃহীত

ঢাকা: বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার জেরিকা তাসনীম দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১৯ বছর বয়সী দিশাকে এ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দিশাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

রিমান্ড আবেদনে বলা হয়, শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর কাফরুল থানাধীন নিজ বাসা থেকে দিশাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির উপাত্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ গিয়েছিলেন দিশা। এর আগে তারা একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’-এও গিয়েছিলেন।

এ ছাড়া একটি মোটরসাইকেল গ্যারেজে এ মামলার অপর রিমান্ডে থাকা আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গে দিশাকে একসঙ্গে দেখা গেছে। তাহসিফের সঙ্গে বিভিন্ন রেস্তোরাঁয় অবস্থান এবং মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির তথ্যও পেয়েছেন তদন্তকারীরা।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট (সিডিআর) পর্যালোচনা করে ঘটনার আগে দিশার সঙ্গে তার একাধিকবার ফোনে কথা বলার তথ্য পাওয়া গেছে।

তদন্তকারী কর্মকর্তার দাবি, প্রাথমিক তদন্তে তাহসিফ হত্যাকাণ্ডের সঙ্গে দিশার সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। হত্যার মূল রহস্য উদ্ঘাটন, অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ এবং আলামত উদ্ধারে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। পাশাপাশি অপর আসামি দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখার জন্যও তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

যেভাবে নিখোঁজ হন তাহসিফ

মামলার এজাহার অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার পর জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। রাত গভীর হলেও তিনি বাসায় না ফেরায় তার মা একাধিকবার ফোনে যোগাযোগ করেন। তখন তাহসিফ কিছুক্ষণের মধ্যে বাসায় ফেরার কথা জানান।

পরে রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফের মেসেঞ্জার অ্যাকাউন্ট থেকে তার মায়ের ফোনে একটি ভয়েস বার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, ‘রওনা দিয়েছি, আসছি’। তবে এরপরও তিনি বাসায় ফেরেননি।

পরদিন (২৮ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে নৌ পুলিশ ফোন করে তাহসিফের বাবাকে জানায়, উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ওই দিন বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় ৩০ অক্টোবর রাত ১টা ৫ মিনিটে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। পরে মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে দীপকে গ্রেফতার দেখায় পুলিশ। এরপর তদন্তের ধারাবাহিকতায় গ্রেফতার করা হয় জেরিকা তাসনীম দিশাকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর