Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না: ঐকমত্য কমিশন

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৫:৫১

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, একই ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান সংলাপের ১৭তম দিনে এ সিদ্ধান্ত জানানো হয়।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘‘এই বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। তবে কিছু দল ভিন্নমত জানিয়েছে। তারা চাইলে জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ যুক্ত করতে পারবে।”

তিনি আরও বলেন, ‘অতীতের রীতি অনুযায়ী, জাতীয় সনদে ভিন্নমত যুক্ত করার সুযোগ থাকছে।’

বিএনপি, এলডিপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং আমজনতার দল—এই দলগুলো একই ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হতে পারে বলে মত দিয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ অধিকাংশ দল একাধিক গুরুত্বপূর্ণ পদ একই ব্যক্তির হাতে থাকাকে গণতান্ত্রিক ভারসাম্যের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে।

আজকের আলোচ্য বিষয় ছিল, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান (সিদ্ধান্ত গ্রহণ); তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত প্রস্তাব— সর্বশেষ আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ; নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত।

আলোচনার শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ হতাহতের ঘটনায় শোকপ্রস্তাব উত্থাপন করেন ড. বদিউল আলম মজুমদার।

সারাবাংলা/এফএন/এমপি