Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৯

ঢাকা: আগামী ১৯ সেপ্টেম্বর হতে যাওয়া ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (৭ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো হলো:

-সকাল সাড়ে ৯টার মধ্যে প্রার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৯টার পর পরীক্ষার হলে প্রবেশের সকল গেট/ফটক বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞাপন

-পরীক্ষার হলে বই-পুস্তক, সব প্রকার ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক/প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো প্রার্থী পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না।

-পরীক্ষা হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।

-পরীক্ষার দিন উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য সকল প্রার্থীর মোবাইল ফোনে এস.এম.এস. প্রেরণ করা হবে। এসএমএসবার্তার নির্দেশনা অনুসরণ করতে হবে।

-পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পত্রসহ পূর্বাহ্ণে কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।

-পরীক্ষার হলে কোনো প্রার্থীর নিকট বর্ণিত নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিলসহ ভবিষ্যতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীতব্য সব নিয়োগ পরীক্ষার জন্য উক্ত প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর