Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোটের পর কী করবেন জানালেন ড. ইউনূস

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ২০:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর কী করবেন তা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক পদ্ধতির এ নির্বাচনে যে দল বিজয়ী হবে সেই দলকে ক্ষমতা তুলে দেবেন তিনি।

রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিনী আকিয়ে আবের সঙ্গে বৈঠককালে তিনি তার এমন পরিকল্পনার কথা জানান। আকিয়ে আবে তার কাছে নির্বাচন পরবর্তী সময়ের পরিকল্পনা জানতে চেয়েছিলেন।

জবাবে তিনি বলেন, নির্বাচনের পর তিনি তিনটি কাজে জড়িত হতে চান। কাজগুলো হলো—ডিজিটাল স্বাস্থ্যসেবার উন্নয়ন, তরুণ উদ্যোক্তা তৈরি এবং চলমান থ্রি জিরো অব্যাহত রাখা।

বিজ্ঞাপন

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

তিনি জানান, এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন নামে একটা ফাউন্ডেশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আকিয়ে আবে। আজ তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

আবুল কালাম আজাদ মজুমদার জানান, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার অত্যন্ত সুসম্পর্ক ছিল। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা তাদের সম্পর্কের স্মৃতিচারণ করেন।

সাক্ষাৎকালে আকিয়ে আবে প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছিলেন, নির্বাচন পরবর্তী সময়ে তিনি কীভাবে কাজ করবেন বা উনার পরিকল্পনা কী? প্রধান উপদেষ্টা উনাকে জানান, তিনি মূলত তিনটি বিষয়ে ফোকাস করে নির্বাচন পরবর্তী সময়ে উনার কাজ করবেন।

যে ৩ পরিকল্পনা ড. মুহাম্মদ ইউনূসের

প্রথমত, ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্ট বিষয়ে কাজ করবেন, যেন স্বাস্থ্যসেবায় দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের প্রবেশাধিকার বাড়ে। এছাড়া প্রবাসী বাংলাদেশিরা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে যেন তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারেন সে ব্যবস্থা করবেন। দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির যে কাজটি তিনি করে চলেছেন সেটি করবেন। তৃতীয়ত, থ্রি জিরো নিয়ে যে কাজ করছেন সেটি অব্যাহত রাখবেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি জাপান সফর করবেন। এই ফাউন্ডেশন বিশেষত ওশিয়ান রিসার্চ নিয়ে গবেষণা করে। তিনি সেখানে একটি কনফারেন্সে যোগ দেবেন এবং এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কীভাবে কোলাবরেশন বাড়ানো যায় সে বিষয়ে কথা বলবেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর