Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বায়ুদূষণ তালিকায় শীর্ষে ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৩:০৬

ছবি: সারাবাংলা

ঢাকা: জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বজুড়ে বায়ুদূষণ দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। দীর্ঘদিন ধরেই দূষিত বাতাসের শহর হিসেবে পরিচিত রাজধানী ঢাকা। সাম্প্রতিক বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও আবারও বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে নগরীটি।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার একিউআই স্কোর ছিল ২৭১। এ স্কোর অনুযায়ী ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’, যা এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় রাজধানীকে প্রথম স্থানে নিয়ে এসেছে।

একই সময়ে ২১৫ স্কোর নিয়ে কিরগিজস্তানের রাজধানী বিশকেক দ্বিতীয় এবং ২০৮ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি তৃতীয় অবস্থানে রয়েছে। এই দুই শহরের বাতাসও নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বিজ্ঞাপন

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০–৫০ হলে বাতাস ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর এবং ২০১–৩০০ হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বব্যাপী প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

পরিবেশবিদরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ঢাকার বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য আরও ভয়াবহ সংকট তৈরি করবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর