ঢাকা: নির্বাচনকালীন সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন: ইসমাইল জবিউল্লাহ (উপদেষ্টা কাউন্সিল সদস্য), অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ (সিনিয়র যুগ্ম মহাসচিব), ড. মোহাম্মদ জকরিয়া (নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব)
জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলো এই বৈঠকে প্রাধান্য পাচ্ছে। এ ছাড়া প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট এবং সাম্প্রতিক নির্বাচনী পরিবেশ নিয়ে দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট পর্যবেক্ষণ সিইসিকে জানানো হতে পারে।
বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমকে বিস্তারিত ব্রিফিং করার কথা রয়েছে।