ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নেটওয়ার্ক বিচ্ছিন্ন দুর্গম এলাকার ফলাফল সংগ্রহে বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার এমন ১০৮টি ভোটকেন্দ্রের ফলাফল দ্রুত পেতে আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিক ওয়্যারলেস সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে তিন পার্বত্য জেলার রিটার্নিং কর্মকর্তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, এসব দুর্গম বা ‘হেলিসটি’ (হেলিকপ্টার ব্যবহারযোগ্য) কেন্দ্রের ভোটগণনার বিবরণী বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি বা পুলিশের আধুনিক নেটওয়ার্ক ব্যবহার করে সংগ্রহ করা হবে। এতে দ্রুত প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করা সম্ভব হয়।
মোবাইল নেটওয়ার্ক না থাকায় যেসব কেন্দ্রের ফলাফল পাঠাতে দেরি হওয়ার শঙ্কা আছে, সেগুলো চিহ্নিত করেছে ইসি। সেগুলো হলো:
বান্দরবান: ৪৬টি কেন্দ্র
খাগড়াছড়ি: ৪২টি কেন্দ্র
রাঙামাটি: ২০টি কেন্দ্র
মোট: ১০৮টি কেন্দ্র
আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনি প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।