ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে ভোটগ্রহণের দিন ৪ ধাপে ভোটের সংখ্যা ও শতকরা হার পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সই করা এক চিঠিতে দেশের সকল রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ চলাকালীন প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট সময়ে তা অ্যান্ট্রি করতে হবে।
সময়সূচী অনুযায়ী, প্রথম ধাপ সকাল ১০টায় , দ্বিতীয় ধাপ দুপুর ১২টায়, তৃতীয় ধাপ দুপুর ২টা ও চতুর্থ ধাপ ভোটগ্রহণ শেষে চূড়ান্ত হিসাব।
চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, প্রতিটি কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিয়োজিত ডাটা অ্যান্ট্রি অপারেটররা তাদের ‘আরএমএস’ ইউজারের মাধ্যমে এই তথ্য ইনপুট দেবেন। এই পরিসংখ্যানগুলো নির্বাচন কমিশনের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও সরাসরি পর্যবেক্ষণ করা হবে। ফলে তথ্যের নির্ভুলতা ও সময়ানুবর্তিতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
প্রিজাইডিং অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে যেন তারা ভোটগ্রহণ শুরু থেকে রিপোর্টিং সময় পর্যন্ত ব্যবহৃত ব্যালটের মুড়ি গণনা করে সঠিক সংখ্যাটি নিশ্চিত করেন। রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসাররা ‘কপোত’ ড্যাশবোর্ডের মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটি মনিটর করবেন।
নির্বাচন কমিশন মনে করছে, নির্দিষ্ট সময় অন্তর ভোটের হার জনসমক্ষে এবং সংশ্লিষ্ট দফতরে প্রকাশ করলে নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।