ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যোগাযোগের জন্য ভারত উন্মুখ হয়ে আছে। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাতে বিষয়টি জানানো হয়।
বাংলাদেশে নতুন সরকার গঠনের পর রোববার (২২ ফেব্রুয়ারি) প্রথম সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। ভারতীয় হাইকমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘নির্বাচনের পর থেকে বাংলাদেশের সঙ্গে আমাদের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের যোগাযোগ হয়েছে।’ তিনি জানান, নির্বাচনের পরপরই ১৩ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন। তারা সেদিন পরে ফোনেও কথা বলেছিলেন।
প্রণয় ভার্মা বলেন, ‘১৭ ফেব্রুয়ারি যখন নতুন সরকার শপথ গ্রহণ করে, তখন ভারতের লোকসভার স্পিকার ভারত সরকারের প্রতিনিধিত্ব করে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন। তিনি নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন। সাক্ষাৎকালে ভারতের স্পিকার প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি চিঠি হস্তান্তর করেন।’
তিনি আরও বলেন, ‘এই সমস্ত যোগাযোগের মাধ্যমে আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার এবং আমাদের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেছি। আমরা একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতিশ্রুতিও তুলে ধরেছি।’
প্রণয় বলেন, ‘আজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছি, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যোগাযোগের জন্য উন্মুখ ভারত। আরও জানান হয়েছে, আমরা সব ক্ষেত্রে আমাদের জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে চাই, পারস্পরিক স্বার্থ এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী পদ্ধতিতে একসাথে কাজ করতে চাই।’