ঢাকা: রাজনীতির মারপ্যাঁচ আর রাষ্ট্রের গুরুগম্ভীর দায়িত্বের বাইরেও যে একখণ্ড নির্মল আনন্দ থাকে, তার প্রমাণ মিলল প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত জীবনে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে এক অন্যরকম আবহে ধরা দিলেন তিনি। নিরাপত্তার কঠোর বেষ্টনী ছাপিয়ে একদল শিশুর সঙ্গে তার কথোপকথনের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, রাজধানীর একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হচ্ছিলেন প্রধানমন্ত্রী। মসজিদ প্রাঙ্গণে তাকে একনজর দেখতে ভিড় জমিয়েছিল স্থানীয় শিশু-কিশোররা। প্রোটোকলের তোয়াক্কা না করে প্রধানমন্ত্রী নিজেই এগিয়ে যান তাদের দিকে, বাড়িয়ে দেন কুশল বিনিময়ের হাত। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে এক শিশুর সরল প্রশ্ন — ‘আপনি কি রোজা রাখেন?’
শিশুর এমন নিষ্পাপ প্রশ্নে প্রধানমন্ত্রী হেসে অত্যন্ত অমায়িকভাবে তিনি উত্তর দেন, ‘হ্যাঁ, আমি তো রোজা রাখি।’ পাশ থেকে আরেক খুদে সদস্য বেশ গর্বের সঙ্গে জানিয়ে দেয়, ‘আঙ্কেল, আমি কিন্তু সব কটি রোজা রাখি!’ শিশুর এই আত্মবিশ্বাস দেখে প্রধানমন্ত্রী বেশ আপ্লুত হন। তিনি পরম মমতায় শিশুটির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ‘ভেরি গুড!’
ভিডিওটিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে একে একে হাত মেলাচ্ছেন এবং তাদের পড়াশোনা ও ভালো-মন্দের খোঁজ নিচ্ছেন। সরকার প্রধানের এমন সহজ-সরল ও আন্তরিক আচরণে শিশুরা যেমন আনন্দিত ছিল, তেমনি উপস্থিত মুসল্লিরাও এই দৃশ্য উপভোগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি মুহূর্তেই ইতিবাচক সাড়া ফেলেছে। সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর এই মানবিক ও অভিভাবকসুলভ আচরণের ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই মন্তব্য করেছেন লিখেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকেও শিশুদের সঙ্গে এমন মিশুক হওয়া একজন জনবান্ধব নেতারই পরিচয়।