বরিশাল: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে। এ জন্য আমি সংবাদ মাধ্যমগুলোর মালিকদের সঙ্গে বৈঠক করব। আর সাংবাদিক কারা হতে পারবে এবং কোন যোগ্যতার ভিত্তিতে সাংবাদিকতা করবে এর সংজ্ঞা সাংবাদিকরাই দেবে। সাংবাদিকদের সুযোগ-সুবিধা দেওয়ার নীতিমালা সাংবাদিকদের কাছ থেকে চাইব।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল প্রেসক্লাবে স্বজন স্মরণে আয়োজিত ইফতার ও দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের যত বেশি স্বাধীনতা দেওয়া হবে তাদের অনুসন্ধানী ক্ষমতা তত বেশি বাড়বে। আর সাংবাদিকদের অনুসন্ধানী ক্ষমতা যত বেশি বাড়বে সে সত্য প্রকাশে তত বেশি আগ্রহী হবে। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। সাংবাদিকদের কাজের জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করবে গণমাধ্যম আর এর স্বাধীনতা দেবে রাষ্ট্র।
বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় বরিশাল রেঞ্জের ডিআইজি মনজুর মোরশেদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, জেলা পুলিশ সুপার প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে সকালে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে। আমরা এখনো আধুনিক প্রযুক্তি নির্ভর গণমাধ্যমের সঙ্গে পুরোপুরি যুক্ত হতে পারিনি। তাই গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার আওতায় আনতে চাই। সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে জবাবদিহির পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।
সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্যমন্ত্রী
ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০০
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০০
সারাবাংলা/এইচআই