ঢাকা: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পথেই কমিশন হাঁটবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারের দেওয়া সিদ্ধান্ত ও আইনি কাঠামোর আলোকেই ইসি ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচনকে নির্দলীয় করার লক্ষ্যে অধ্যাদেশ জারি করেছে। এ প্রসঙ্গে সাংবাদিকরা চাইলে আনোয়ারুল ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে নাকি নির্দলীয় হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ। আমরা বিদ্যমান আইন ও সরকারের নির্দেশনার আলোকেই সব ব্যবস্থা নেব। ইসির মূল দায়িত্ব হলো সুষ্ঠুভাবে নির্বাচন ব্যবস্থাপনা নিশ্চিত করা।’
সিটি করপোরেশন নির্বাচনের সময়সীমা নিয়ে তিনি ব্যাখ্যা দেন যে, আইন অনুযায়ী পরিষদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে অথবা পরিষদ ভেঙে দেওয়ার পরবর্তী ১৮০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সরকার যেভাবে নির্দেশনা দেবে, ইসি সে অনুযায়ী নির্বাচনের তফসিল ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করবে।
অন্য এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার জানান, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের ক্ষেত্রে দলগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারেই নারী আসন বণ্টন করা হবে।