Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

অন্তর্বর্তী সরকারের অনেক তথ্য সরিয়ে ফেলা হয়েছে, দাবি টিআইবি’র

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৪:৩৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর অন্তর্বতী সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনেক সিদ্ধান্তের তথ্য রাষ্ট্রীয় নথিপত্র ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে- বলে দাবি করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে “অনতিবিলম্বে তথ্য কমিশন গঠন এবং তথ্য অধিকার আইন, ২০০৯- এ প্রয়োজনীয় সংশোধন” শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

ইফতেখারুজ্জামান বলেন, ভুল বা সঠিক হোক সব তথ্য জানার অধিকার রাষ্ট্রের নাগরিকদের রয়েছে। তথ্য সরিয়ে ফেলা সেটি আইন পরিপন্থী। এটি তথ্য অধিকার আইনের সাথে সাংঘর্ষিক।

বিজ্ঞাপন

তিনি আশা প্রকাশ করেন যে, সরকার তার নির্বাচনী অঙ্গীকারগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। তথ্য কমিশনে নিয়োগের ক্ষেত্রে দেখতে হবে- যাদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা আছে তাদের। বিগত বছরগুলোতে দেখেছি যাদের এ বিষয়ে ধারনা নাই তাদের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যারা স্বার্থের ঊর্ধ্বে থেকে কাজ করার সৎ সাহস আছে তাদেরকে নিয়োগ দেওয়া দরকার। তথ্যকে গোপন রেখেছেন যে ব্যক্তি সারাজীবন তাকেই কমিশনার নিয়োগ দেওয়ার উদাহরন পরিবর্তনের আহবান।

তিনি আরও বলেন, সরকার পরিবর্তন হয়, রাষ্ট্র তার জায়গায় থাকে। কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। অন্তর্বর্তী সরকারের কোন কাজে স্বচ্ছতার অভাব পাওয়া গেলে অবশ্যই তা নিয়েও টিআইবি কথা বলবে।

টিআইবি’র নির্বাহী পরিচালক বলেন, অন্তবর্তী সরকারের সময়ে জাতীয় গুরুত্বপূর্ণ খাতগুলোতে সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে। দেড় বছরে তথ্য কমিশনকে প্রতিষ্ঠিত হতে দেয়নি। অন্তর্বর্তী সরকারের শাসন ব্যবস্থায় স্বচ্ছতার ঘাটতি ছিলো।

সুশানের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, তথ্য অধিকার আইন দিয়ে যেকোনো তথ্য পাওয়া সম্ভব, যা সরকারি কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করে। তথ্যের অধিকার মানে সত্য জানার অধিকার। নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করার অধিকার কারও নাই। গত ১৬ বছরে দেশে গনতন্ত্র অনুপস্থিত ছিল। রাজনৈতিক দলকে যেন সম্পৃক্ত করা হয়, যেন আমরা তাদের হিসেব নিকেশের বিষয়ে জানতে পারি।

বিলস-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, তথ্য প্রবাহ ঠিক থাকলে এই যে বাংলাদেশ থেকে এতো টাকা লুট হলো সেটা কমানো যেত। তথ্য কমিশনের ক্ষেত্রে সরকারের জবাবদিহিতা দরকার যে কাকে ওই আসনে বসাবে সেটি যেন দলীয় না হয়। আর সরকার পরিবর্তন হলে সব পরিবর্তন করতে হবে এই সংস্কৃতিও পরিবর্তন দরকার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক এবং তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনাম, মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান ও নাগরিক উদ্যোগ-এর প্রধান নির্বাহী জাকির হোসেনসহ আরও অনেকে।

সারাবাংলা/এমএইচ/এমআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর