Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার রাজনীতির মূলমন্ত্র এখনো রয়ে গেছে: আসিফ নজরুল

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৮:০০

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

ঢাকা: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার দেড় বছর অতিবাহিত হলেও তার রাজনীতির প্রভাব ও অপকৌশলগুলো এখনো বাংলাদেশে বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

রোববার (৮ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই পর্যবেক্ষণ তুলে ধরেন।

আসিফ নজরুল তার লেখায় উল্লেখ করেন, শেখ হাসিনা শারীরিকভাবে দেশে না থাকলেও তার রাজনীতির কিছু নেতিবাচক মূলমন্ত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে রয়ে গেছে। তিনি সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতির তিনটি বিশেষ দিক বিশ্লেষণ করে দেখান যে কীভাবে সেই পুরোনো ধারা বর্তমান সময়েও ভিন্ন আঙ্গিকে চর্চা হচ্ছে।

বিজ্ঞাপন

তার মতে, শেখ হাসিনার প্রথম বৈশিষ্ট্য ছিল ‘মালিকানার রাজনীতি’ যেখানে তিনি নিজেকে এবং তার অনুগতদের মুক্তিযুদ্ধের একমাত্র দাবিদার মনে করতেন এবং এর বিরোধিতা করাকে মুক্তিযুদ্ধের বিরোধিতা হিসেবে গণ্য করতেন; বর্তমানে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেও একই ধরনের মালিকানা দাবি করার মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে।

দ্বিতীয়ত, শেখ হাসিনা তার প্রতিপক্ষকে ‘রাজাকার’ বা ‘পাকিস্তানপন্থী’ ট্যাগ দিয়ে কোণঠাসা করার যে রাজনীতি করতেন, বর্তমানে সেটি ‘ফ্যাসিস্টের দোসর’ বা ‘ভারতের দালাল’ তকমা দেওয়ার মাধ্যমে অব্যাহত রয়েছে। এমনকি অতীতে আওয়ামী লীগের হাতে নির্যাতিত ব্যক্তিরাও এখন জুলাইয়ের আগে আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী থাকা ব্যক্তিদের কাছ থেকে এসব ট্যাগ পাচ্ছেন।

তৃতীয় বৈশিষ্ট্য হিসেবে তিনি ‘ভিকটিমহুডের রাজনীতি’র কথা উল্লেখ করেন, যেখানে অতীতে ভিকটিম হওয়ার দোহাই দিয়ে অন্যের ওপর আধিপত্য বিস্তার বা শিকারি হওয়ার অধিকারবোধ কাজ করত, যা এখনো সমাজে বিদ্যমান।

ড. আসিফ নজরুল আক্ষেপ করে বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে আমরা কেবল শেখ হাসিনার শাসনের অবসান ঘটিয়েছি কিন্তু তার রাজনীতির অনেকটা নিজেদের ভেতর লালন করছি।

একই পোস্টে তিনি আরও জানান, কয়েক বছর আগে হজ পালনের পর থেকে তার ধর্মীয় জ্ঞান অর্জনের আগ্রহ বেড়েছে এবং তিনি সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহজ ভাষায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি জীবনীগ্রন্থ রচনা করতে চান যেখানে ধর্মীয় প্রসঙ্গের পাশাপাশি তার রাষ্ট্র পরিচালনা, কূটনীতি ও মানবাধিকারের অসামান্য সাফল্যগুলো ফুটে উঠবে।

উল্লেখ্য, ড. আসিফ নজরুল বিদায়ী অন্তর্বর্তী সরকারের আইন, প্রবাসী কল্যাণ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর