Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ২২:২৪

সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

ঢাকা: সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে এ সাক্ষাৎ হয়। এ সময় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনে গঠিত বর্তমান সরকারের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এই সম্পর্ককে আরেও এগিয়ে নিতে তারা আগ্রহী।’ রাষ্ট্রদূত বিশেষ করে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি খাত, বন্দর ব্যবস্থাপনা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে এসব খাতে সুইজারল্যান্ড সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

বিজ্ঞাপন

এ সময় সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বাংলাদেশ উন্নয়ন ও অবকাঠামো খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং এই অগ্রযাত্রায় আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ তিনি আশা প্রকাশ করেন, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর, বন্দর ব্যবস্থাপনা এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে উভয় দেশ একসঙ্গে কাজ করবে।

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুইজারল্যান্ডের মতো বন্ধুপ্রতিম দেশের সঙ্গে যৌথভাবে কাজ করলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন আরও গতিশীল হবে।’

সাক্ষাৎ শেষে উভয়পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর