Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের আগে কর্মীদের বেতন-বোনাস দেওয়ার দাবি বিএফইউজে-ডিইউজের

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ০০:০৮

বিএফইউজে-ডিইউজে। ফাইল ছবি

ঢাকা: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সাংবাদিকদের চলতি মাসের বেতনসহ বোনাস প্রদান এবং সংবাদপত্রে পাঁচ দিন ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সোমবার (৯ মার্চ) বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।

সাংবাদিক নেতারা বলেন, ঈদের ছুটি আসন্ন। অনেক প্রতিষ্ঠান এখনো সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধ করেনি। অনেকে নিয়ম-কানুনের তোয়াক্কা না করে সাংবাদিকদের নামমাত্র বেতন দিয়ে এলেও ঈদ উপলক্ষ্যে প্রচলিত আইন অনুযায়ী সেই বেতন ও বোনাস পরিশোধে নানা টালবাহানা করছে। অথচ এসব প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারের সকল সুযোগ-সুবিধা ভোগ করে আসছে।

বিজ্ঞাপন

বিএফইউজে ও ডিইউজে অবিলম্বে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানাচ্ছে। অন্যথায় পরবর্তীতে সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ইউনিয়ন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এরই মধ্যে সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সাংবাদপত্রে ছুটির বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়নি। বিএফইউজে ও ডিইউজে নেতারা সংবাদপত্রে গতবছরের মতো ন্যূনতম পাঁচ দিন ছুটি ঘোষণার দাবি জানান।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর