Sunday 26 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চেয়ে ইসির চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ২১:৩৬ | আপডেট: ১১ মার্চ ২০২৬ ০১:০৫

নির্বাচন ভবন। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের সব সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ হালনাগাদ তথ্য পাঠানোর জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১০ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। ইতোমধ্যেই দেশের সব আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে বলে ইসি সচিবালয় সূত্রে জানা গেছে।

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তথ্য নিয়মিত হালনাগাদ করার অংশ হিসেবে অঞ্চলভিত্তিক সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের বিস্তারিত তথ্য প্রস্তুত করা প্রয়োজন।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তথ্য আগামী ১৫ মার্চের মধ্যে জরুরি ভিত্তিতে (হার্ড কপি ও সফট কপি) সিটি করপোরেশন ও পৌরসভার তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখায়, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ শাখায় এবং ইউনিয়ন পরিষদের তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনা অনুযায়ী, জেলা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তারা তাদের নিজ নিজ এলাকার তথ্য সংগ্রহ করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে জমা দেবেন। পরবর্তীতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা সেই তথ্যগুলো অঞ্চলভিত্তিক একীভূত করে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাবেন।