ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (১২মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাকে স্পিকার নির্বাচিত করেন সংসদ সদস্যরা।
এর আগে, সকাল সোয়া ১১টায় জাতীয় সংসদের জেষ্ঠ্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। ড. মোশাররফ হোসেন বলেন, আমি স্পিকার পদে নির্বাচনের জন্য একজন মাত্র সদস্যের মনোনয়নপত্র পেয়েছি।
এ সময় তিনি বলেন, আমি যে মনোনয়নপত্রটি পেয়েছি ১১৭ ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নাম পেয়েছি। হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নাম প্রস্তাব করেন বরগুনা-৩ আসনের সদস্য ও চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। তার প্রস্তাব সমর্থন করেন খুলনা-২ আসনের সদস্য রকিবুল ইসলাম।
এরপর ড. খন্দকার মোশাররফ হোসেন সংসদে হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নাম প্রস্তাব করেন। এসময় তিনি বলেন, সংসদে বলেন যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। তখন সব সদস্যরা হ্যাঁ বলেন। এবং ড. মোশাররফ হোসেন বলেন সর্বসম্মতিক্রমে ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় হাফিজ উদ্দিন আহমেদ জাতীয় সংসের স্পিকার নির্বাচিত হলেন।