Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেনের সময়সূচিতে বড় পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১১:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেনের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। গত ১৩ মার্চ থেকে ট্রেনে যাত্রী পরিবহন শুরুর পর এখন পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছেড়ে গেলেও বুধবার (১৮ মার্চ) বগুড়ায় দুর্ঘটনার কারণে এই পরিবর্তন আনা হয়।

উত্তরবঙ্গগামী সময়সূচি পরিবর্তন হওয়া ট্রেনগুলোর মধ্যে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটা বিকেল ৪টা ৫০ মিনিটে ছাড়বে বলে জানানো হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত ৯টি বগি উদ্ধার করতে প্রায় ১২ ঘণ্টা সময় লাগতে পারে। আপাতত ট্রান্সশিপমেন্ট পদ্ধতিতে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ পঞ্চগড় থেকে আসা ট্রেন এবং ঢাকা থেকে যাওয়া ট্রেনের যাত্রীরা দুর্ঘটনাস্থলে ট্রেন পরিবর্তন করে যাত্রা অব্যাহত রাখবেন।

বিজ্ঞাপন

অন্যদিকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৬টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও দুর্ঘটনার কারণে তা বিলম্বিত হয়েছে। যাত্রীদের সকাল ১০টা ১০ মিনিটে ছাড়ার সম্ভাব্য সময় জানানো হলেও এখনো ট্রেনটির প্ল্যাটফর্ম ঘোষণা করা হয়নি। ফলে নির্ধারিত সময়েও ট্রেন ছাড়তে পারবে কি না, তা নিয়ে যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এদিকে ট্রেন ছাড়তে দেরি হওয়ায় কমলাপুর স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি চরমে পৌঁছেছে। অতিরিক্ত যাত্রীচাপের কারণে স্টেশনের টয়লেট সংকটও প্রকট হয়ে উঠেছে। অনেক যাত্রীকে প্ল্যাটফর্মেই বসে বা শুয়ে অপেক্ষা করতে দেখা গেছে। শিশুরা বিরক্ত হয়ে কান্নাকাটি করছে।

নীলসাগর এক্সপ্রেসের যাত্রী আমিনা খাতুন বলেন, পত্রিকায় দেখলাম বিকল্প ব্যবস্থায় ট্রেন চলবে। তাই ছোট বাচ্চা নিয়ে সকালে স্টেশনে চলে আসি। প্রথমে বলা হলো সকাল ৮টা ১০ মিনিটে ছাড়বে। পরে সময় পরিবর্তন করে ১০টা ১০ মিনিট করা হয়। কিন্তু এখনো প্ল্যাটফর্মও দেওয়া হয়নি। বাচ্চা নিয়ে খুব কষ্ট হচ্ছে।

এদিকে ট্রেন বিলম্ব হওয়ায় স্টেশনের মাইক থেকে বারবার যাত্রীদের অবহিত করা হচ্ছে এবং দুঃখ প্রকাশ করা হচ্ছে। মাইকে ঘোষণা দিয়ে বলা হচ্ছে, ‘সম্মানিত যাত্রীরা, নীলসাগর এক্সপ্রেস ট্রেন কিছু সময় বিলম্বিত হবে। এ বিলম্বের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

অন্যদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের বহনকারী ট্রেন দুর্ঘটনার ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। বুধবার সন্ধ্যায় তিনি বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন।

সারাবাংলা/একে/ইআ
বিজ্ঞাপন

আরো